বরিশাল অফিস
বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদী ও ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান।
এর আগে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ ভোলা বেইস ও কালিগঞ্জ স্টেশন পৃথক অভিযান পরিচালনা করে। ভোলা সদর উপজেলাধীন ইলিশা ফেরিঘাট এলাকা হতে এমভি কনকচাঁপা ফেরিতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে বস্তা বোঝাই ২০ লাখ মিটার এবং বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাসংলগ্ন মেঘনা নদী থেকে একটি ইঞ্জিনচালিত বোট থেকে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৭ কোটি ৫০ লাখ টাকা। পরবর্তী সময়ে মত্স্য কর্মকর্তাদের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান তাহসিন রহমান।