ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়ায় ক্রেন ছিড়ে পড়ে ঈসা হাওলাদার (২৫) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ৫ নম্বর ধাওয়া ইউনিয়নের স্থানীয় রাজপাশা গ্রামের নুরুল কুরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় তলার ছাদের ঢালাইয়ের কাজ চলাকালীন এ ঘটনা ঘটে। ঈসা ধাওয়া রাজপাশা গ্রামের সত্তার হাওলাদারের ছেলে এবং আমান উল্লাহ কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
নিহত ঈসার বড় ভাই মনির হাওলাদার জানান, করোনায় কলেজ বন্ধ থাকায় সংসারের হাল ধরতে ঈসা পড়ালেখার পাশাপাশি দিনমজুর হিসেবে কাজ করত। সহকর্মী বরকত উল্লাহ বলেন, সন্ধ্যায় ঢালাই শেষে তারা নিচে কাজ করছিল। এ সময়ে হঠাত্ বিকট শব্দ শুনে এগিয়ে আসলে ঈসাকে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক ডা. ফয়সাল তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাশা নুরুল কুরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসার ও এতিমখানার মোহতামিম আমান উল্লাহ আমান জানান, শুনেছি যখন উপরে মেশিন খোলা হচ্ছিল তখন নিচে থাকা শ্রমিকদের বলা হয়নি।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, মঙ্গলবার সকালে ছাত্রের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।