বিবিসি
উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে সাগরে স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে পরীক্ষা চালিয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। কেউ পিয়ংইয়ংয়ের আত্মরক্ষার ও অস্ত্র পরীক্ষার অধিকার অস্বীকার করতে পারবে না, জাতিসংঘে উত্তর কোরিয়ার দূত এমন কথা বলার কিছুক্ষণ আগে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ঐ পরীক্ষাটি করা হয়। এদিকে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে দেশটিকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে।
সাগরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিষয়ে দক্ষিণ কোরিয়ার তরফ থেকে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বলে দাবি করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘে উত্তর কোরিয়ার দূত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে পিয়ংইয়ংয়ের প্রতি তাদের শত্রুতা নীতি ত্যাগ করার আহ্বান জানান এবং বলেন, কেউ তাদের আত্মরক্ষার ও অস্ত্র পরীক্ষার অধিকার অস্বীকার করতে পারবে না। সিউল ও ওয়াশিংটনকে ‘দ্বিমুখী নীতি’ অনুসরণের জন্য অভিযুক্ত করে তিনি বলেন, তারা উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির নিন্দা করলেও নিজেদের সামরিক তত্পরতা চালিয়ে যাচ্ছে। ১৫ সেপ্টেম্বর উত্তর ও দক্ষিণ কোরিয়া, উভয়েই পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এই দু্ই প্রতিদ্বন্দ্বী দেশই ক্রমবর্ধমানভাবে অত্যাধুনিক অস্ত্র উত্পাদন করে চলছে যার সর্বশেষ নজির ছিল ঐ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এর দুই দিন আগে একটি দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এই ক্রুজ ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেড বহন করা যাবে বলে এবং এটি উত্তর কোরিয়া এ ধরনের ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা বলে ধারণা বিশেষজ্ঞদের।
উত্তর কোরিয়ার এসব অস্ত্র পরীক্ষা প্রতিবেশীদের জন্য হুমকি বলে মন্তব্য করে ঐ সময় এর নিন্দা জানিয়েছিল ওয়াশিংটন। কিন্তু দক্ষিণ কোরিয়া সাবমেরিন থেকে উেক্ষপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (এসএলবিএম) পরীক্ষা করলেও তা নিয়ে কিছু বলেনি। তারপর থেকে ধারাবাহিক কয়েকটি বিবৃতি দিয়ে উত্তর কোরিয়া বলেছে, দক্ষিণ কোরিয়া তাদের দ্বিমুখী নীতি ও উত্তর কোরিয়ার প্রতি শত্রুভাবাপন্ন মনোভাব বর্জন করলে তারা স্থবির হয়ে থাকা আন্তঃকোরিয়া সংলাপ শুরু করতে আগ্রহী। এদিকে সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে তাদেরকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উেক্ষপণ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের লঙ্ঘন এবং পিয়ংইয়ং এর প্রতিবেশী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি। আমরা সমস্যার কূটনৈতিক সমাধানের বিষয়ে অঙ্গীকারবদ্ধ এবং উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’