এই তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিজীবনের অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল নামক ব্যাধি মানুষকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। যেখানে বিনা অনুমতিতে মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে এমন কিছু গুজব রটানো হয়, যার কোনো সত্যতা নাই। আবার অনেকেই না জেনেশুনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের মাধ্যমে ঘটনা ভাইরাল করে দিতে সহায়তা করেন। কিছু মূল্যবোধ বিকৃত মানুষ যেমন এসবের সঙ্গে জড়িত, বর্তমান সময়ে জড়িয়ে পড়ছে উচ্চশিক্ষিত বিপথগামী তরুণ-তরুণীরাও। তাদের কাছে অশ্রাব্য শব্দ, বাংলা ভাষার বিকৃত উচ্চারণ শুধুই বিনোদন। কিন্তু বাস্তবতার পরিপ্রেক্ষিতে এসব মিথ্যা ঘটনা ভাইরাল করার মাধ্যমে তারা মানুষের মানসিক অবস্থা বিপন্ন ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে। সেইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাভাষার বিকৃত উচ্চারণ নষ্ট করছে আমাদের নিজস্ব সংস্কৃতি ও বাংলা ভাষার মান। তাই ট্রল নামক মানসিক ব্যাধি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের জীবনকে যাতে বিপন্ন করতে না পারে, সেজন্য সাইবার আইনকে আরো শক্তিশালী করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোছা. শারমিন খাতুন
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়