বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলা চলচ্চিত্রের ডিজিটাল রূপান্তর অনিবার্য। পরিবর্তনকে আমাদের আলিঙ্গন করতে হবে। বাংলাভাষা ও বাংলা চলচ্চিত্রকে সামনে এগিয়ে নেওয়ার মাধ্যমে বিশ্বে আমাদের অবস্থান আরও সুসংহত করতে হবে। বাংলা চলচ্চিত্রকে গোটা দুনিয়ায় ছড়িয়ে দিতে তিনি সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।
সম্প্রতি ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৫’ উত্সবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এসব কথা বলেন।
অনুষ্ঠানে মোস্তাফা জব্বার আরও বলেন, ‘চলচ্চিত্র অত্যন্ত শক্তিশালী মাধ্যম, সৃজনশীলতার হাতিয়ার। এই মাধ্যমের প্রভাব বিস্তারের এখনই উপযুক্ত সময়।’
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মডারেটর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং বাংলালিংকের কর্পোরেট ও রেগুলেটরি চিফ অ্যাফেয়ার্স তাইমুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
৫ দিনব্যাপী এই চলচ্চিত্র উত্সবে ১৬টি পূর্ণদৈর্ঘ্য ও ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৫’ উত্সবের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।