প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ বছরের বর্ণাঢ্য জীবনে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন টানা ৪০ বছর ধরে। বিশ্বের সব থেকে বেশি সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা নারী রাজনীতিবিদের মাইলফলকও এখন তার দখলে। প্রজ্ঞা, দূরদর্শিতা, বিচক্ষণতা আর সাহসী নেতৃত্ব গুণের কারণে দেশের গণ্ডি ছাড়িয়ে শেখ হাসিনা এখন নিজেকে আসীন করেছেন বিশ্ব নেতৃত্বের কাতারে। মহামারি কোভিড-১৯-এর ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাচ্ছে বিশ্বব্যবস্থা। বৈশ্বিক এ মহামারির প্রভাব পড়েছে বাংলাদেশেও। অথচ এমন ঘোর অমানিশার মাঝেও আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন তিনি। তিনি-ই সম্প্রতি রিজার্ভ ও রেমিট্যান্সে রেকর্ড গড়ার খবর দিয়েছেন। অমানিশার আঁধারে পথ দেখানোর বাতিঘর শেখ হাসিনা।
গতকাল মঙ্গলবার বাঙালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্যাপনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয় নেতারা এসব কথা বলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ায় এবারের জন্মদিনে নেত্রীকে পাশে পাননি নেতাকর্মীরা। তার অনুপস্থিতিতেই কেক কাটা, আলোচনাসভা, আনন্দ শোভাযাত্রা, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনা সভার মাধ্যমে শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্যাপিত হলো। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে গতকাল ৭৫ লাখ মানুষকে টিকা দেওয়ার কর্মসূচি পালিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। কেন্দ্রীয়ভাবে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা সভায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন।
গতকাল প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে দুস্থ-গরিবদের মাঝে খাবার ও ভ্যান-রিকশা বিতরণ এবং আলোচনাসভাসহ নানা কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনও দিনটি উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করে।
মুক্তিযোদ্ধাদের শোভাযাত্রা ও কেক কাটা :আওয়ামী লীগ সভানেত্রীর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা এবং আলোচনাসভার আয়োজন করেন দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুত কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন (অব) এ বি তাজুল ইসলাম।
পিতার প্রতিকৃতিতে কৃষক লীগের শ্রদ্ধা :সকালে ধানমন্ডিস্থ ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ কৃষক লীগ। সংগঠনটি গতকাল বিকালে খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ অতিথিবৃন্দ।
হাসুমণির পাঠশালা :দুপুরে শাহবাগ পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ‘প্রসুন শ্রদ্ধা-শিল্পকর্ম প্রদর্শনী-গোলটেবিল বৈঠক’ আয়োজন করে ‘হাসুমণির পাঠশালা’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
স্বেচ্ছাসেবক লীগের বিশেষ দোয়া : দুপুরে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ ও সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগ মহানগর উত্তর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুবলীগের দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান :যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের খাবার বিতরণ ও আনন্দ শোভাযাত্রা : দুস্থ ও পথশিশুদের মাঝে ছাত্রলীগ খাবার বিতরণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই খাবার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মসজিদে দোয়া ও খাবার বিতরণ :প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেছে দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপী। কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা আয়োজন করেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সজল।