মেরিন ড্রাইভের বাহারছরা শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার নির্ধারিত চতুর্থ ধাপের প্রথম দিনে দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ১৬তম সাক্ষীর জেরা চলমান রয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার জেলা ও দায়রা জজ মো. ইসমাঈলের আদালতে চতুর্থ দফার দুই দিনের সাক্ষ্য গ্রহণের প্রথম দিনের বিচারিক কার্যক্রম শুরু হয়। মামলার ১৫তম সাক্ষী হিসেবে ছেনোয়ারা বেগমের জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় মঙ্গলবারের কার্যক্রম। তিনিসহ দুজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। তবে ১৬তম সাক্ষীর জেরা চলমান রেখে আদালত মুলতুবি করেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম। পিপি বলেন, চতুর্থ ধাপের প্রথম দিনে চার জন সাক্ষী হাজির করা হয়। তারা হলেন, ছেনোয়ারা বেগম, হাম জালাল, সালেহ উদ্দিন, মো. আলী আকবর। সেখান থেকে ১৫তম সাক্ষী হিসেবে ছেনোয়ারার জবানবন্দি দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তারপর জবানবন্দি দেন হাম জালাল। তার জেরা আজও চলবে। এর আগে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তিন দিনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৮ ও ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করে।