]গ্রিন পার্টির সঙ্গে কোয়ালিশন গড়তে আলোচনায় এসপিডি

জার্মানির নির্বাচনের পর এখন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। ১৬ বছর পর দেশটিতে শুরু হতে যাচ্ছে মার্কেলবিহীন যুগের। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি) কোয়ালিশন গঠনের জন্য একাধিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছে। তাদের সঙ্গে যাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে গ্রিন পার্টিসহ একাধিক ছোট দল। তবে পুরো প্রক্রিয়া শেষ করতে বেশ কিছু দিন লেগে যেতে পারে। ততদিন পর্যন্ত দেশটির চ্যান্সলর থাকবেন অ্যাঙ্গেলা মার্কেল।

গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে মধ্য-বামপন্থি দল এসপিডি মোট ভোটের ২৫ দশমিক ৭ শতাংশ পেয়েছে। এতে ২০৬ আসন নিশ্চিত হয়। মার্কেলের রক্ষণশীল জোট সিডিইউ/সিএসইউ পেয়েছে ২৪ দশমিক ১ শতাংশ ভোট। আসন পেয়েছে ১৯৬টি। 

তৃতীয় অবস্থানে থাকা গ্রিন পার্টি ১৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে ১১৮ আসন করায়ত্ত করেছে এবং লিবারেল ফ্রি ডেমোক্র্যাটস (এফডিপি) পেয়েছে ১১ দশমিক ৫ শতাংশ ভোট। তারা আসন পেয়েছে ৯২টি।

চূড়ান্ত ফলাফলে যে দলই এগিয়ে থাক, সরকার গড়তে তাদের জোট গড়তে হবে। ফলে নতুন চ্যান্সেলর কে হবেন, তা জানতেও অপেক্ষায় থাকতে হবে। জোট গঠনের আলোচনায় মার্কেল তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন চ্যান্সেলর হতে পারেন এসপিডির নেতা ওলাফ শলত্স।