রাজধানীর স্কলাস্টিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সেলর ইভানা লায়লা চৌধুরীর মৃত্যুর ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তার সহপাঠী ও সহকর্মীরা। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। প্রতিবাদের এই ব্যানারে লেখা ছিল, ‘রাষ্ট্র তুমি বিচার করো। আমরা শুধু বিচার চাই।’
সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসম্পাদক ইমতিয়াজ ফারুক বলেন, ইভানার মৃত্যুর ঘটনার পেছনে কারা জড়িত সেটি সামনে আসুক। এভাবে যেন আর কোনো ইভানাকে মৃত্যুবরণ করতে না হয়।
আইনজীবী জেসমিন সুলতানা বলেন, ইভানাকে কেন এভাবে জীবন দিতে হলো, কেন তিনি আত্মহত্যা করলেন, আমরা এ প্রশ্নের জবাব চাই। আইনজীবী তামান্না ফেরদৌস বলেন, আমরা শুধু ইভানার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচার চাই। ইভানার আত্মহত্যার পেছনে কারা জড়িত সেটা প্রকাশ করুন। প্রতিবাদ সমাবেশে ইভানার সহপাঠী, সহকর্মীরা, আইনজীবীরাও অংশ নেন। এ প্রতিবাদের সঙ্গে সংহতি প্রকাশ করে উদীচী শিল্পীগোষ্ঠী।
গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর পরীবাগ থেকে স্কলাস্টিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সেলর ইভানা লায়লা চৌধুরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। দুটি ভবনের মধ্যখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।