৪১ বছরে বাংলাদেশের সাফল্যের সবই এসেছে শেখ হাসিনার হাত ধরে :কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪১ বছর যাবত্ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে এবং প্রায় ১৮ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সরকার পরিচালনা করে, নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গত ৪১ বছরে বাংলাদেশের যতকিছু সাফল্য ও অর্জন—তার সবই এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। একটি নিম্ন আয়ের দেশ হতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। তিনি দেশকে মর্যাদা ও সম্মানে বিশ্ব পরিমন্ডলে এক অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন। এদিকে গতকাল সচিবালয়ের অফিস কক্ষ থেকে অনলাইনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় কৃষিমন্ত্রী বলেন, দেশে চালের রেকর্ড উত্পাদন হয়েছে। মোট উত্পাদন ও উত্পাদনশীলতা দুটোই বেড়েছে। এত সব সাফল্যের পরও চাল আমদানি করতে হচ্ছে। জনসংখ্যা বাড়ছে অন্যদিকে আবাদের জমি কমছে। এ অবস্থায়, উত্পাদনের পরিমাণ কীভাবে আরো বাড়ানো যায় তা  দেখতে হবে। ধানের নতুন উদ্ভাবিত জাত—যেগুলোর উত্পাদনশীলতা বেশি তা দ্রুত কৃষকের কাছে ছড়িয়ে দিতে হবে। হাইব্রিড জাতের ধানের ফলন বেশি-এটিকেও আরো সম্প্রসারিত করতে হবে। সভায় জানানো হয়, চলমান ২০২১-২২ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্পের সংখ্যা ৭০টি। মোট বরাদ্দ ২ হাজার ৯৫৮ কোটি টাকা। আগস্ট ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি হয়েছে ৫.৫০ শতাংশ। জাতীয় গড় অগ্রগতি হয়েছে ৩.৮২ শতাংশ। সভা সঞ্চালনা করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থা প্রধানসহ প্রকল্প পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।