নাশকতার মামলা: খুলনা মহানগর বিএনপির ৩১ নেতাকর্মীর বিচার শুরু

খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলায় চার্জ গঠন করেছেন আদালত।  বুধবার (২৯ সেপ্টেম্বর) এই চার্জ গঠন করেন খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের দুটি ধারায়  বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর খুলনা সদর থানায় ওই নাশকতার অভিযোগে খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান বাদী হয়ে মামলা দায়ের করেন।  মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা  নির্বাচনকে ঘিরে অরাজকতা সৃষ্টির পরিকল্পনার পাশাপাশি শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত যুক্তফ্রন্টের জনসভায় যোগ দেওয়া নেতাকর্মীর গাড়িতে হামলার পরিকল্পনা করেন। 

মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় একই থানার এসআই গোপিনাথ সরকারকে। তিনি তদন্ত শেষে ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

 

ইত্তেফাক/এনই