স্পোর্টস রিপোর্টার
প্রথম দুই টেস্টে ব্যর্থতার পর তৃতীয় টেস্টে ঠিকই ঘুরে দাঁড়াতে পেরেছে ইংল্যান্ড দল। প্রথম ইনিংসে নিজেরা ২৭৭ রান তোলার পর ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৫৪ রানেই অলআউট করে দিয়েছে সফরকারীরা। দ্বিতীয় দিনের শেষ বেলায় দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে তাদের সংগ্রহ ১৯ রান। ১০ উইকেট হাতে নিয়ে ১৪২ রানের লিড নিয়ে ফেলেছে জো রুটের দল।
তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে চার উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ২৩১ রান। সেখান থেকে আর মাত্র ৪৭ রান যোগ করেই বাকি ছয়টা উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন পেসার কেমার রোচ। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল, আলজারি জোসেফ ও কিমো পল। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন বেন স্টোকস। এছাড়া ৬৭ রান করেন জশ বাটলার।
বোলিংয়ে ইংল্যান্ডের নায়ক পেসার মার্ক উড। গেল মে তে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। লম্বা বিরতির পর নেমেই ৪১ রান দিয়ে পেয়ে গেলেন পাঁচ উইকেট। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ডান হাতি অফস্পিনার মঈন আলী। তিনি ৩৬ রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট। এই দুইজনের দাপুটে বোলিংয়ে মাত্র ১৫৪ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস স্থায়ী হয় মাত্র ৪৭.২ ওভার।
মাত্র চারজন ক্যারিবিয়ান ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছেছেন। এর মধ্যে জন ক্যাম্পবেল ৪১ ও শেন ডরউইচ করেন ৩৮ রান। দিনের শেষ বেলায় ১০ ওভার ব্যাটিং করার সুযোগ পায় ইংল্যান্ড। তাতে কোনো বিপদ আসতে দেননি দুই ওপেনার ররি বার্নস ও কিটন জেনিংস। ররি ১০ ও জেনিংস আট রান করে দিন শেষ করেছেন। দলের সংগ্রহ ১৯ রান।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড প্রথম ইনিংস: (আগের দিন শেষে ২৩১/৪) ১০১.৫ ওভারে ২৭৭ (বাটলার ৬৭, স্টোকস ৭৯, বেয়ারস্টো ২, মঈন ১৩; রোচ ৪/৪৮, গ্যাব্রিয়েল ২/৪৯, জোসেফ ২/৬১, পল ২/৫৮) ও দ্বিতীয় ইনিংস: ১০ ওভারে ১৯/০ (বার্নস ১০*, জেনিংস ৮*)
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৪৭.২ ওভারে ১৫৪ (ব্রেথওয়াইট ১২, ক্যাম্পবেল ৪১, ডরউইচ ৩৮, রোচ ১৬*, ব্রড ১/৪২, মঈন ৪/৩৬, উড ৫/৪১)