খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হল খুলছে আগামী ১৮ অক্টোবর। খোলার পর মাস্টার্স ও স্নাতক ৪র্থ বর্ষের আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। আর অন্যান্য বর্ষের আবাসিক শিক্ষার্থীরা হলে ফিরতে পারবেন ২৬ অক্টোবর থেকে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সভাপতিত্বে সিন্ডিকেটের ২১৫তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে সিন্ডিকেটের সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ অক্টোবর তারিখ বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেওয়া হবে। এদিন থেকে মাস্টার্স ও স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা এবং ২৬ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের আবাসিক শিক্ষার্থীদের পর্যায়ক্রমে হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
হলে ওঠার আগে আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র, টিকা গ্রহণের সনদ/রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি স্ব স্ব হলে জমা দিতে হবে জানান তিনি।
ইত্তেফাক/এএএম