বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ৩৩তম ব্যাচ পর্যন্ত যোগ্য ও পদোন্নতিতে আগ্রহী কর্মকর্তাদের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাউশির উপপরিচালক (কলেজ-১) অধ্যাপক মো. নুরুল হক সিকদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতেই যোগ্য কর্মকর্তাদের তালিকা চাওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা ক্যাডারের যেসব কর্মকর্তা সিনিয়র স্কেল পদে কমপক্ষে পাঁচ বছর চাকরি করেছেন এবং ক্যাডারের সদস্য হিসেবে মোট ১০ বছর চাকরি পূর্ণ করেছেন, তাদের মধ্যে ৩৩তম ব্যাচ পর্যন্ত কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন।
যোগ্য ও আগ্রহী কর্মকর্তাদের পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে তিন প্রস্থ আবেদন জমা দিতে হবে। আগামী ২৭ সেপ্টেম্বর দুপুর ২টার মধ্যে মাউশির সহকারী পরিচালক (কলেজ-৪) কার্যালয়ে, কক্ষ নম্বর ৪০১-এ আবেদন জমা দিতে বলা হয়। আবেদন জমা দেওয়ার পর গ্রহণ কপি সংগ্রহ করতে হবে।
এর পাশাপাশি নির্ধারিত ছকের সফট কপি ওয়ার্ড ডকুমেন্ট আকারে নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সঠিকভাবে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ভুল বা অসম্পূর্ণ তথ্য না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
