চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশন উপজেলার চরাঞ্চলের মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য গত বছরের ২ এপ্রিলে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হয় একটি নৌ-অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের উন্নত সেবার ব্যবস্থাসহ গর্ভবতী নারীদের দ্রুত উপজেলা সদরে স্থানান্তার এবং উত্তাল মেঘনা নদী পাড়ি দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত হয় নৌ-অ্যাম্বুলেন্সটি। সেই সময় বেতুয়া লঞ্চঘাটে উপকূলীয় অঞ্চলের নৌ-অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। কিন্তু উদ্বোধনের পর বেসরকারি চালক দিয়ে এক মাস সেবা দেওয়া হয়। এর পর থেকে উপজেলার দক্ষিণ চরআইচা কচ্চপিয়া ঘাটে পড়ে আছে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের অ্যাম্বুলেন্সটি।
চরাঞ্চলের বাসিন্দারা জানান, চরফ্যাশন সদর, চরকুকরি-মুকরি, ঢালচর, পাতিলা, চরহাসিনা, মজিবনগর, চরনিজামের চরাঞ্চলের রোগীদের মেঘনা পাড়ি দিয়ে চরফ্যাশন সদর হাসপাতালে জরুরি চিকিত্সাসেবার জন্য আনা-নেওয়ার কাজে এ অ্যাম্বুলেন্সটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এর ধারণক্ষমতা ১৫ থেকে ২০ জন। তারা দ্রুত এটি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক জানান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থায়নে ১১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকায় ক্রয় করা এই নৌ-অ্যাম্বুলেন্সটি প্রধানমন্ত্রী চরাঞ্চলের মানুষের জন্য উপহার হিসেবে দিয়েছেন। গত এক বছর ধরে এটি ঘাটে পড়ে আছে। এ ব্যাপারে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কবির সোহেলকে আহ্বায়ক করে তিন সদস্যের পরিদর্শন কমিটি করে দিয়েছেন।
এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কবির সোহেল জানান, তারা নৌ-অ্যাম্বুলেন্সটি পরিদর্শন করেছেন। খুব শিগিগরই ভোলা জেলা সিভিল সার্জনের কাছে পরিদর্শন প্রতিবেদন দিবেন।