প্রস্তুত সোলসারের ম্যান ইউ
স্পোর্টস ডেস্ক
ওলে গুনা সোলসারের অধীনে পুনরুজ্জীবিত ম্যানচেস্টার ইউনাইটেড আজ পিএসজির মোকাবিলায় প্রস্তুত। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর লড়াইয়ে আজ মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের মাঠে পিএসজিকে আতিথ্য দেবে ম্যান ইউ।
ফুটবলে আট মাস অনেক দীর্ঘ সময়। ১৭ ডিসেম্বর যখন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ড্র অনুষ্ঠিত হয়, সেসময় ম্যান ইউ’র কোচ ছিলেন হোসে মরিনহো। পর্তুগিজ এই কোচ তখন ক্লাবের শেষ আট খেলায় কেবল দুটিতে জেতাতে পেরেছিলেন দলকে।
ড্রয়ের ২৪ ঘণ্টা আগে লিভারপুলের কাছে ৩-১ হারের কারণে লিগের প্রতিদ্বন্দ্বীদের চাইতে ১৯ পয়েন্টে পিছিয়ে পড়েছিল মরিনহোর দল। অপরদিকে টমাস টুখেলের অধীনে সেসময়ের অপরাজিত পিএসজি ফরাসি লিগে এগিয়ে ছিল ১০ পয়েন্টে। এরকম পরিস্থিতিতে ১৮ ডিসেম্বর বরখাস্ত হন মরিনহো। ভারপ্রাপ্ত হিসেবে দৃশ্যপটে আসেন ম্যান ইউ’রই সাবেক খেলোয়াড় সোলসার।
নরওয়ের বাসিন্দা সোলসার এসেই উজ্জীবিত করেন একদার প্রবল প্রতাপান্বিত ইউনাইটেডকে। তার প্রমাণ সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তার দল এখন টানা আট খেলায় অপরাজিত। এর মধ্যে আছে টটেনহ্যাম ও আর্সেনালের মধ্যকার জয় দুটিও। ম্যানচেস্টার ইউনাইটেড আজ খেলতে নামবে সোলসারের অধীনে ১১ খেলায় অপরাজিত থেকে। মরিনহো জমানায় পল পগবা ও মার্কাস র্যাশফোর্ডকে নিষ্প্রভ দেখালেও এখন পরিবর্তিত সময়ে তারা খেলছেন আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে, স্বাধীন ও আক্রমণাত্মক মনোভাবে।
এটি বিপদের কারণ হতে পারে কোচ টুখেলের পিএসজির জন্য তার মধ্যে আবার নেইমার নেই দলে। অপর স্ট্রাইকার এডিসন কাভানিকেও এ খেলার জন্য পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় আছে। কাভানিকে সংশয়ের কারণ তার কোমরের ইনজুরি। তার মধ্যে আবার পিএসজি নিজেদের লিগে এখনো ১০ পয়েন্টে এগিয়ে থাকলেও তাদের অপরাজেয় ভাবটা আর নেই। এর মধ্যে লিয় তাদের লিগের প্রথম পরাজয়ের বিস্বাদ দিয়েছে।
নেইমার লিয়র বিরুদ্ধে খেলাটিতে ছিলেন না। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারটি ইনজুরির কারণে এখন ব্রাজিলে অবস্থান করছেন। তাই ইউনাইটেডের বিরুদ্ধে উভয় লেগেই তার সেবা পাবে না ফরাসি চ্যাম্পিয়নরা। অথচ গ্রুপ পর্বে ব্রাজিলীয়টি পাঁচবার গোল করেছিলেন। সে অর্থে ম্যান ইউ’র জন্য বিপক্ষকে মোকাবিলা করা কিছুটা সহজই হবে। যদিও চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের সময় মনে হয়েছিল ইংলিশ ক্লাবটি কঠিন প্রতিপক্ষের কবলেই পড়েছিল। কিন্তু বদলে যাওয়া সময়ে মরিনহোহীন ইউনাইটেড এখন আক্ষরিক অর্থেই ছুটে চলেছে।
পিএসজির জন্য মহাদেশীয় এই লিগটি আরো এক কারণে চ্যালেঞ্জ। কারণ তারা আগের ছয় আসরে কখনোই কোয়ার্টার ফাইনালের গন্ডি পেরোতে পারেনি। কোচ টুখেল জানেন তার মূল্যায়ন হবে ঘরোয়া ফুটবলে নয়, মহাদেশীয় এই প্রতিযোগিতায় কতটা কি করতে পারেন তার ওপর। একই কথা প্রযোজ্য হবে সোলসারের ক্ষেত্রেও। কেননা তিনি মৌসুমের শেষ পর্যন্তই কেবল দায়িত্ব পেয়েছেন। স্থায়ী হতে গেলে ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায়ও তাকে কিছু করে দেখাতে হবে।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগে আজ খেলা আছে রোমা ও পোর্তোরও। পর্তুগিজ ক্লাবটি খেলতে যাবে ইতালির রোম শহরে।
আজকের খেলা : ম্যানচেস্টার ইউনাইটেড-পিএসজি। রোমা-পোর্তো