মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নে একটি ইটসোলিং রাস্তা খানাখন্দে বেহাল হয়ে পড়েছে। এতে জনসাধারণ দুর্ভোগে পড়েছেন। জিউধরা গ্রামের কৃষক হাবিবুর রহমান খান, দিনমজুর কুদ্দুস হাওলাদার, সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন তালুকদারসহ অনেকেই জানান, শুকনো মৌসুমে এ রাস্তা থেকে কোনোমতে পায়ে হেঁটে চলাচল করতে পারলেও সামান্য বৃষ্টিতে চলাচলের আর সুযোগ থাকে না। ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা বলেন, জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পুনর্নির্মাণের জন্য এলজিইডি দপ্তরসহ এলজিএসপি কর্মকর্তাকে একাধিক বার অবহিত করা হয়েছে। এলজিইডির উপজেলা সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, রাস্তা নির্মাণ প্রকল্পের অনুমোদন পেলে টেন্ডার আহ্বান করা হবে।