বরিশালে সরকারি চালসহ মুদি দোকানি আটক

বরিশাল অফিস

বরিশালে দুই বস্তা সরকারি চালসহ এক মুদি দোকানিকে আটক করেছে মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে নগরীর ভাটারখাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোশারফ বেপারী ঐ এলাকায় মুদি মনোহরীর ব্যবসা করেন। বরিশাল কোতোয়ালি থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মোশারফকে আটক করা হয়েছে। চালের বস্তা জব্দের ঘটনায় তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, দোকানদার মোশারফের ঘরে খাদ্য অধিদপ্তরের দুই বস্তা চাল রয়েছে—এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘরের বাইরে থেকে চালের বস্তা দুইটি জব্দ করা হয়। চালের বস্তা দুইটি মোশারফের বাসায় কীভাবে এলো তা তাত্ক্ষণিক নিশ্চিত হওয়ায় যায়নি। তবে মোশারফ দাবি করছে, তার বাসার পেছনে কেউ চালগুলো রেখে গেছে।