সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুই জনের মৃত্যু

ইত্তেফাক ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার কলেজছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

রংপুর :রংপুর মহানগরীর তাজহাট গলাকাটা মোড়ে নাইট কোচের ধাক্কায় একাব্বর আলী (৪৫) নামে এক ক্লিনিকের নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, সকাল সাড়ে ৮টায় গলাকাটা মোড়ে রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে একটি নাইট কোচ সাইকেল আরোহী একাব্বর আলীকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। লাশ থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী :কাভার্ড ভ্যানের ধাক্কায় তারিকুল ইসলাম তানিম নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী শহরের বাসস্ট্যান্ড এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিকুল বরিশাল শহরের ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আমতলা এলাকার মো. মোক্তার হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মোটরসাইকেল নিয়ে তারিকুল বন্ধুদের সঙ্গে বেড়াতে বরিশাল থেকে কুয়াকাটায় যান। পটুয়াখালী থানার ওসি আখতার মোর্শেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।