সর্বোচ্চ পারিশ্রমিক ৩৫লাখ

পিছিয়ে গেল ঢাকা প্রিমিয়ার লিগ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পরপরই মাঠে গড়ানোর কথা ছিল ২০১৮-১৯ মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। কিন্তু শেষ পর্যন্ত পিছিয়ে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ। ১ মার্চ শুরু হতে পারে ঘরোয়া ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় এই প্রতিযোগিতা। ওয়ানডে ফরম্যাটের প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হতে পারে আগামী ১৮ ফেব্রুয়ারি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের উপস্থিতি নিশ্চিত করতে একদিন পেছানো হতে পারে প্লেয়ার্স ড্রাফট। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) বোর্ড সভাপতির সময় পাওয়ার চেষ্টা করছে। এবার প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক থাকবে ৩৫ লাখ টাকা। ‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন এই পারিশ্রমিক। গতকাল মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন প্রিমিয়ার লিগের সমন্বয়ক আমিন খান।

মাসব্যাপী বিপিএলের কারণেই পিছিয়ে প্রিমিয়ার লিগ। গতকাল আমিন খান বলেছেন, ‘আমাদের প্লেয়াররা, ক্লাব কর্তা বা কোচরা সবাই মোটামুটি ব্যস্ত ছিলেন বিপিএল নিয়ে। বিপিএলের পর পরেই ড্রাফট হওয়ার কথা ছিল ১২ তারিখে (আজ), সেই কারণেই কিছু দিন পিছিয়ে হয়ত ১৮ তারিখ ড্রাফটটা হবে। সেইভাবেই হয়ত খেলাটা ১ তারিখে (মার্চ) আরম্ভ হবে।’

পারিশ্রমিক অনুযায়ী ক্রিকেটারদের কয়েকটি গ্রেডে ভাগ করা হবে। সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পাবেন ‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা। আমিন খান জানালেন, ‘আমাদের আগের মতোই, এ প্লাস ক্যাটাগরি থাকবে, এ থাকবে, এভাবেই ছয় সাতটা গ্রেড থাকবে। সেই অনুযায়ীই ৩৫-৩০ লাখ থাকা এ-প্লাস গ্রেড, ৩০-২৫ লাখ টাকা থাকবে এ গ্রেডে, বি গ্রেডে থাকবে ২০-১৮ লাখ, এভাবে আমরা গ্রেড ভাগ করেছি। সর্বোচ্চ ৩৫ লাখ থাকবে।’

আগের আসরের দল থেকে তিনজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে ক্লাবগুলো। রিটেইন করা ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ ভাগ ড্রাফটের আগেই পরিশোধ করতে হবে। প্রিমিয়ার লিগের সমন্বয়ক বলেছেন, ‘এখনো রিটেইনশন জানাইনি। আমরা আজকের (গতকাল) মধ্যে সব ক্লাবকে তিনটা রিটেইনশনের কথা জানিয়ে দিব। সেই অনুযায়ী তাদের পেমেন্ট শিডিউলটা জানিয়ে দেওয়া হবে।’

নিউজিল্যান্ড সফর শেষে ফিরে জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে পারবেন প্রিমিয়ার লিগে। তবে হেড কোচ স্টিভ রোডসের পরামর্শ অনুযায়ী অনেক তারকা ক্রিকেটার বিশ্রামে থাকতে পারেন। ইতোমধ্যে তামিম ইকবাল প্রিমিয়ার লিগ না খেলার অভিপ্রায় জানিয়ে বিসিবিকে চিঠি দিয়েছেন।

প্রিমিয়ার লিগে জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারকে পাওয়া যাবে না, সেই ইঙ্গিতও দিয়েছেন আমিন খান। গতকাল তিনি বলেছেন, ‘জাতীয় দলের প্লেয়াররা সবাই বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবে এবং অনেকে ইচ্ছাকৃত মানে তারা নিজেরাও বিশ্রাম চেয়েছেন। সেক্ষেত্রে তাদেরকে বিশ্রাম দেওয়া হবে। যদি কেউ খেলতে চায় তারা কবে থেকে থাকবে সেটাও আমরা জানিয়ে দেব।’