জাবি সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মুহাম্মদ বনী আমিন ফকিরকে হেফাজতে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। গতকাল বুধবার বিকেলে র্যাব-৪ এর কমান্ডিং অফিসার মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। মোজাম্মেল হক বলেন, ‘বনী আমিনের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসা হয়েছে। আজ তার বাবা-মাকেও ডাকা হয়েছে। উনারা এলে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তারপর বিস্তারিত জানাতে পারব। এর আগে গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া এলাকার একটি মেস থেকে র্যাব পরিচয়ে বনী আমিনকে তুলে নিয়ে যাওয়া হয়।
ঐ শিক্ষার্থীর রুমমেট ও সহপাঠী তোহা বলেন, র্যাব-৪ পরিচয়ে কয়েক জন মেসে ঢুকে আমাদের কক্ষে তল্লাাশি চালান। এ সময় আমাকে আলাদা একটি কক্ষে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর বনী আমিনকে গাড়িতে তোলেন তারা। আমাদের র্যাব সদর দপ্তরে যোগাযোগ করতে বলেন। তিনি অভিযোগ করেন, তাদের পরিচয় জানতে চাওয়ায় আমাদের ভয়ভীতি দেখিয়ে দ্রুত বনী আমিনকে নিয়ে চলে যান তারা। তারা বনী আমিনের জিনিসপত্র রাখা একটি বস্তা সঙ্গে নিয়ে যান। তবে আমার জানা মতে, ঐ বস্তায় একটি নষ্ট কম্পিউটার ছিল। অন্যকিছু ছিল কি না, তা আমার জানা নেই।