মুফতি কাজী ইব্রাহীম দুই দিনের রিমান্ডে

ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উসকানিমূলক বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপর দিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। এর আগে ডিএমপির ডিবি উত্তরের এক কর্মকর্তা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন। মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল লতিফ এ তথ্য জানান। তিনি বলেন, মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ডিবি পুলিশের এক কর্মকর্তা। এর আগে মঙ্গলবার রাতে জেড এম রানা নামে একজন বাদী হয়ে ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা করেন।