চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আট জন। ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। বুধবার দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নে পদ্মা নদীর ট্যাক নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন :উপজেলার বিশ রশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম (৫০) এবং নারায়ণপুরের বাবু আলীর মেয়ে মাইশা খাতুন (৫), ফিটুর ছেলে আসমাউল (৫) ও মেয়ে আয়েশা (৩)। এর মধ্যে নিলুফা ও মাইশা সম্পর্কে নানি-নাতনি এবং আসমাউল-আয়েশা সম্পর্কে ভাইবোন।
স্থানীয়রা জানায়, দুপুরে বোগলাউড়ি ঘাট থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ১০ রশিয়ার উদ্দেশে রওনা দেয়। এ সময় নৌকাটি ট্যাকে পৌঁছালে প্রবল স্রোতের কবলে পড়ে ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও থানাপুলিশকে জানায়। পরে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চার জনের লাশ ও ২৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। চরলক্ষ্মীপুর ওহাসানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারী জানান, নৌকায় ধারণক্ষমতার চেয়ে অধিক যাত্রী ছিল। অধিক যাত্রী ও বিভিন্ন ধরনের অধিক ওজনের মালামাল থাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটেছে।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, ঘটনাস্থলে চার জন মারা গেছেন। ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া আট জন নিখোঁজ রয়েছে। তবে নিখোঁজের সংখ্যা আরো বাড়তে পারে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।