দেশে করোনা ভাইরাসে গত এক দিনে নতুন শনাক্ত, মৃত্যু এবং শনাক্তের হার সবই কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন। যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল গত ২১ মার্চ। সেদিন সারা দেশে ১৬ জনের মৃত্যু হয়েছিল। এরপর ২৬ মে ১৭ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৭৮ জন, যা মঙ্গলবার ছিল ১ হাজার ৩১০ জন। ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ১২ শতাংশ, মঙ্গলবার শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪৯ শতাংশ।
দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৪৮৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ১৪ হাজার ৯৬২ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৮ হাজার ২৬০টি এবং পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৫৯৯টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৭ লাখ ৪ হাজার ৭২২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৭১ লাখ ৫১ হাজার ৪৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ লাখ ৫৩ হাজার ৬৭৫টি। দেশে করোনায় এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৬ দশমিক ২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে পুরুষ ১০ জন আর নারী সাত জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৬৪৫ জন এবং নারী ৯ হাজার ৮৪২ জন।