মালির রাজধানী বামাকো থেকে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দূরে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম সার্কেলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট-২ (রোটেশন-৩), এর ১৪০ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ করেছেন। মালির শান্তি প্রতিষ্ঠায় মিনুসমা ম্যান্ডেট বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে এ পদক প্রদান করা হয়।
গত ২৭ সেপ্টেম্বর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিনুসমা পুলিশ কম্পোন্যান্টের কন্ট্রোলার জেনারেল, ডেপুটি পুলিশ কমিশনার। তিনি ব্যানএফপিইউ সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা পদক পরিয়ে দেন।
অনুষ্ঠানে এফপিইউ কো-অর্ডিনেটর, রিজিয়নাল কমান্ডার এবং বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় মেয়র, মালির নিরাপত্তা বাহিনীর পদস্থ কর্মকর্তাসহ গুন্দামের স্থানীয় প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যানএফপিইউ-২ (রোটেশন-৩) কমান্ডার (পুলিশ সুপার) মুহম্মদ আবদুল ওয়াহাব সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম সার্কেলে বাংলাদেশ পুলিশের সদস্যগণ পেশাদারিত্বের সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে স্থানীয় জনগণের ভূয়সী প্রশংসা লাভ করেছে। পদক প্রদান শেষে প্রধান অতিথি ব্যানএফপিইউ-২ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।