বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি : শেখ পরশ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী যুবলীগের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিকালে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রূপনগর থানার আরামবাগ মাঠে ৩ হাজার অসহায়-দুস্থদের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের এমপি মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শাহীদা তারেক দীপ্তি। ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, মো. রফিকুল ইসলাম, হাবিবুর রহমান পবন প্রমুখ।

শেখ ফজলে শামস পরশ আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পিতার প্রতি যে সম্মান, ভালোবাসা দেখিয়েছেন;  সেটি পৃথিবীতে বিরল। পিতার প্রতি কন্যার ভালোবাসার এমন নিদর্শন থেকে আজকের প্রজন্ম শিক্ষা গ্রহণ করতে পারে। তিনি নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে পিতার স্বপ্নকে ধারণ করেছেন, লালন করেছেন এবং বাস্তবায়ন করে যাচ্ছেন। জাতির পিতার স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো, দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। শেখ পরশ বলেন, আমাদের প্রিয় নেত্রী ১৯৮১ সালে চরম প্রতিকূল পরিবেশে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিয়ে এসেছিলেন। দেশে ফিরে পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য যখন তিনি রাজনীতিকে মহান ব্রত জ্ঞান করে কাজ শুরু করেছিলেন; তখন থেকেই ঐ বাংলাদেশবিরোধী চক্র বারবার তাকে হত্যার চেষ্টা করে। তবুও তিনি পিতার স্বপ্ন বাস্তবায়ন থেকে এক চুলও সরে আসেননি। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সবার দুঃখ-দুর্দশা বুঝতে পারেন বলেই তিনি নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিতদের নেত্রী; গণমানুষের নেত্রী। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে যুবলীগ নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে। এরমধ্যে অন্যতম কর্মসূচি হচ্ছে আশ্রয় কর্মসূচি। দেশব্যাপী যুবলীগের উদ্যোগে এই যুগান্তকারী কর্মসূচি চলমান থাকবে। প্রতিটি জেলায় ন্যূনতম একজন গৃহহীনকে যুবলীগ নিজস্ব অর্থায়নে গৃহ নির্মাণ করে দেবার কাজ অব্যাহত রেখেছে। এদিকে সিদ্ধেশ্বরী কালীমন্দিরে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ।