ফোনালাপ ফাঁসের ঘটনার তদন্ত চেয়ে রিট খারিজ

ফোনালাপ ফাঁসের ঘটনায় তদন্ত চেয়ে দায়েরকৃত রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন।

ফোনে আড়ি পাতা বন্ধে এবং ফোনালাপ ফাঁসের ঘটনার তদন্ত চেয়ে গত ১০ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। বিবাদীদের দেওয়া লিগ্যাল নোটিশের জবাব না পেয়েই এ রিট করা হয়। রিটে বলা হয়, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৩০(চ) ধারা অনুযায়ী টেলিযোগাযোগের একান্ততা রক্ষা নিশ্চিত করা বিটিআরসির দায়িত্ব। কিন্তু লক্ষ করা যাচ্ছে, এ ধরনের ফোনালাপ ফাঁসের ঘটনা অহরহ ঘটছে। অথচ সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী কমিশন তার দায়িত্ব পালন করছে না।

এই রিটের শুনানিকালে হাইকোর্ট বলেছিল, মোবাইল ফোনে কথা বলা দুই পক্ষের মধ্যে এক পক্ষ আবার তৃতীয় পক্ষও ফোনালাপ ফাঁস করতে পারে। এখানে কোন পক্ষের কী স্বার্থ আছে জানি না। তবে ফোনে আড়ি পাতা ঠিক নয়। সেই আড়ি পাতা মিডিয়ায় সগৌরবে প্রচার করাটাও উচিত নয়। এই মামলায় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার এবং রিটকারী পক্ষে মোহাম্মদ শিশির মনির শুনানি করেন।