বরিশাল অফিস
রবিবার সন্ধ্যায় শেবাচিম হাসপাতালে মৃত ব্যক্তির স্বজনদের হামলায় পুলিশের এসআই নাজমুল ইসলাম ও চতুর্থ শ্রেণির কর্মচারী শাহাদাত হোসেন শান্ত আহত হয়েছেন।
প্রতক্ষ্যদর্শী ও হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মচারীরা জানান, জেলার উজিরপুর উপজেলার ধামুরার কাংশি এলাকার আবু আনসারের (৪০) ওপর গাছ ভেঙে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিত্সক মৃত ঘোষণা করেন। পাশাপাশি দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে লাশ হাসপাতাল কর্তৃপক্ষ মর্গে রাখার নির্দেশ দেয়। হাসপাতালের কর্মচারী শান্ত লাশ মর্গে নিয়ে যাওয়ার সময় মৃত ব্যক্তির স্বজনরা বাধা দেন। এক পর্যায়ে তারা শান্তকে মারধর করে। এ সময় হাসপাতালে দায়িত্বরত পুলিশের এসআই নাজমুল এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে জরুরি বিভাগে দায়িত্বরতরা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে লাশ হাসপাতালের মর্গে রাখেন।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, যেহেতু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। তাই বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করে হামলাকারী কাউকে আটক করা হয়নি।