মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা বাজারে অবস্থিত মডার্ন প্রাইভেট ক্লিনিকে ভুল অপারেশনে প্রসূতি মৃত্যুর ঘটনায় ঝিনাইদহ সিভিল সার্জনের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রবিবার বিভিন্ন পত্র পত্রিকায় মডার্ন প্রাইভেট ক্লিনিকে ভুল অপারেশনে প্রসূতির মৃত্যুর সংবাদ প্রকাশিত হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ঝিনাইদহ সিভিল সার্জন রাশিদা সুলতানা ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করেন। এই টিমের সদস্যরা হলেন ডা. আলাউদ্দিন, ডা. নাসির উদ্দিন ও ডা. মামুন। আগামী ১৪ ফেব্রুয়ারি এই টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করবেন।