পীরগাছা (রংপুর) সংবাদদাতা
নিখোঁজের পাঁচ দিন পর পীরগাছায় ফিরোজ মিয়া ফ্রেস নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। গতকাল সোমবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি নির্মাণাধীন গুচ্ছগ্রাম থেকে পুলিশ মাটি চাপা অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহত ফিরোজ মিয়া ফ্রেস (২২) উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলা পাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। আটককৃতরা হলেন, উপজেলার কাবিলাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে টিপু, মৃত আউয়াল মিয়ার ছেলে শাহিন মিয়া, মতিন চৌকিদারের ছেলে সুলতান হোসেন ও পাশের দোয়ানী গ্রামের নূর মোহাম্মদের ছেলে জাহিদুল ইসলাম।
নিহতের বাবা আমির উদ্দিন জানান, আমার ছেলের সঙ্গে কারও শত্রুতা নেই। তবে নিখোঁজের দিন তার সঙ্গে প্রায় লক্ষাধিক টাকা ছিল। ওই টাকা হাতিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে।