পদ্মায় নৌকাডুবি: এখনো নিখোঁজ ৬ জন

গত বুধবার শিবগঞ্জের পদ্মায় নৌকাডুবির ঘটনায় উদ্ধার কাজ শেষ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও ৬ জন। 

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী সাবের আলি ও শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ সিরাজ উদ্দিন জানান, বুধবার বিকাল থেকে শুরু করে ওইদিন রাত ৮ পর্যন্ত  উদ্ধার কাজ চলমান ছিল। পরদিন বৃহস্পতিবার সকালে আবারও উদ্ধার কাজ শুরু করা হয়। সারাদিন ধরে চলে উদ্ধার কাজ। শেষ পর্যন্ত ৩৯ জনকে জীবিত  অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তারা আরও জানান, উদ্ধারকৃতদের মধ্যে দুই জন গোমস্তাপুর উপজেলার এবং বাকি ৩৭ জনই শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের। তারা সবাই বর্তমানে সুস্থ আছেন। তবে এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন। তারা হলেন, বেবী খাতুন, মাসুম উদ্দিন, আমেনা বেগম, আসমাউল হক, নিলুফার স্বামী খাইরুল ইসলাম ও বৃষ্টি খাতুন। এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, নিখোঁজের সংখ্যা ৮ জন। 

স্থানীয়রা জানায়, নিখোঁজদের মধ্যে আসমাউল হক ও আয়েশা খাতুনের মৃত্যু হয়েছে। তবে তাদের লাশ  উদ্ধার না হওয়ায় প্রশাসন মৃত্যুর সংখ্যা দুইজন বলছে। 

ইত্তেফাক/জেডএইচডি