প্রকাশ পাচ্ছে বেলাল-পূজার ‘বেসামাল’

 বিনোদন রিপোর্ট

 

আবারো একসঙ্গে গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান ও পূজা। ‘বেসামাল’ শিরোনামের এই গানটি মিউজিক ভিডিও আকারে শিগগিরই প্রকাশিত হবে। গানটির কথা লিখেছেন প্রসেনজিত্ ওঝা, সুর করেছেন বেলাল খান এবং সংগীতায়োজন করেছেন শোভন রয়। এছাড়া ভাংড়া রিদমিক ফিল্মি ধাঁচের এই গানের চমত্কার একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা অনন্য মামুন। রোহান বেলালের কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন হামজা ও আরিয়ানা।

নতুন গান ও ভিডিও প্রসঙ্গে জানতে চাইলে বেলাল খান বলেন, ‘হিন্দুদের বড় উত্সব দুর্গাপূজা আসছে। তাই গানটিতে উত্সবে আমেজ রাখার চেষ্টা করেছি। গানের কথার সঙ্গে মিল রেখে দারুণ একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মামুন ভাই। আমার পাখি শিরোনামের গানটি যেমন ভক্ত-শ্রোতারা ভালোবেসে গ্রহণ করেছিলেন তেমনি এই গানটিও তাদের হতাশ করবে না বলেই আমার বিশ্বাস।’ পূজা বলেন, ‘আমি ও বেলাল ভাই বরাবরই বিশেষ কিছু শ্রোতাদের উপহার দিয়েছি। এই গানটিও দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে। অনেক যত্ন নিয়ে গানটি তৈরি করেছি আমরা। আশা করছি সবার ভালো লাগবে গানটি।’ উল্লেখ্য, আগামী সপ্তাহে বেলাল খানের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হবে।