নগরকান্দায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

নগরকান্দা উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনিরুজ্জামান সরদারকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে নগরকান্দা উপজেলা পরিষদ এলাকায় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় আওয়ামী লীগের বর্ধিত সভায় তৃণমূল নেতাদের ভোটের মাধ্যমে ৩০ ভোট পাওয়া কাজী শাহ জামান বাবুলকে মনোনয়ন দেওয়ার সুপারিশ করলেও কিভাবে ২৩ ভোট পাওয়া মনিরুজ্জামান সরদারকে মনোনয়ন দেওয়া হলো তা বোধগম্য নয়। তারা কাজী শাহজামাল বাবুলকে মনোনয়ন দেওয়ার দাবি করেন।

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী আবুুল কালাম, সহ-দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার, যুব ও ক্রীড়া সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুচ সরকার, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠাণ্ডু প্রমুখ বক্তব্য রাখেন।

মোঃ মনিরুজ্জামান সরদার বলেন, আমি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। দীর্ঘ ৪০ বছর ধরে দল করছি, আমি মনে করি দল আমাকে স্বীকৃতি দিয়েছে। যারা আন্দোলন করছে তারা কেন আন্দোলন করছে তা আমার জানা নেই।