ইত্তেফাক রিপোর্ট
সুইজারল্যান্ডের জেনেভায় গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট টিমের সঙ্গে গত বুধবার বৈঠক করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। গ্লোবাল ফান্ড থেকে বাংলাদেশ সরকার যে সহযোগিতা পেয়ে থাকে, সে বিষয়গুলোর ওপর আলোচনা হয় বৈঠকে। এছাড়া কোভিড মোকাবিলায় করণীয় বিষয়াদির পাশাপাশি গ্লোবাল ফান্ডের অর্থ কোভিড-১৯ চিকিত্সাসহ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি উন্নয়নে কীভাবে ব্যবহার করা যাবে, সে বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। এ সময় গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট টিমের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান মার্ক এলডন, ড. উরবান ওয়েবারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসান, উপসচিব মো. সাদেকুল ইসলাম ও ঢাকার তেজগাঁও হেলথ কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মফিজুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন।