ছেলের দেওয়া চুরির অপবাদে মায়ের আত্মহত্যা

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

ঘিওরে মায়ের নামে ছেলের দেওয়া চুরির অপবাদে  এক নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে  ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। জানা যায়, উপজেলার করজনা গ্রামের মো. অহেদ আলী খানের স্ত্রী রাহেলা খাতুন। তার চার ছেলে, এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে একই গ্রামে। ঐ দম্পতি তাদের মেয়ের বাড়িতে থাকেন। নিহত রাহেলা বেগম তার মেঝ ছেলে  বাবুল খানের বাড়িতে খেয়ে মেয়ের বাড়িতে চলে যান। পরে ছেলে বাবুল মায়ের কাছে এসে তার ১ হাজার টাকা চুরি হয়েছে এবং তা মা-ই নিয়েছে বলে দাবি করেন। এ অপবাদে রাহেলা বেগম ২৯ সেপ্টেম্বর  রাতে পাশের বাড়ির আম গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।