ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর পল্লবী এলাকার একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির সময় এক যুবককে গ্রেফতার করেছে থানাপুলিশ। তার নাম হান্নান মিয়া । তার কাছ থেকে মানুষের তিনটি মাথার খুলি, আটটি পায়ের হাড়, ১৩টি হাতের হাড় ও ছয়টি মাজার হাড় জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হান্নানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ওসি মো. পারভেজ ইসলাম।
প্রাথমিক তদন্ত শেষে ওসি বলেন, গত মঙ্গলবার রাতে হান্নান মিয়াকে কঙ্কাল চুরির সময় পল্লবীর কালশী কবরস্থান থেকে গ্রেফতার করা হয়। এক কবিরাজের জন্য কঙ্কাল চুরি করতেন হান্নান। চুরির পর এক সেট কঙ্কাল ৩ হাজার টাকায় বিক্রি করা হতো। হান্নানকে আসামি করে পল্লবী থানায় একটি মামলা হয়েছে। তার বাড়ি শেরপুরের নালিতাবাড়ী। তিনি বালুরমাঠ এলাকায় থাকতেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই সামিউল ইসলাম বলেন, হান্নান এ পর্যন্ত দুই বার কঙ্কাল চুরি করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তদন্তকারী কর্মকর্তা বলেন, কবিরাজকে গ্রেফতারের চেষ্টা চলছে।