ইত্তেফাক রিপোর্ট
নির্বাচন কমিশন ঘোষিত বিভিন্ন পর্যায়ের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। আজ শনিবার (২ অক্টোবর) থেকে আগামী ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। আগ্রহী প্রার্থীদের দলটির সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে। নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোক সমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর এক জন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। উল্লেখ্য, নির্বাচন কমিশন জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন এবং দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, বগুড়ার সোনাতলা, চাঁপাইনবাবগঞ্জ সদর, নড়াইলের লোহাগড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, নরসিংদীর ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ফেনীর ছাগলনাইয়া, খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনের তপশিল ঘোষণা করেছে। একই সঙ্গে নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপে সারা দেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তপশিল ঘোষণা করেছে।