ভরিতে ১৫০০ টাকা কমল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে আসায় দেশের বাজারেও কমানো হলো এর দাম। ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর ফলে ভালো মানের, অর্থাত্ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ৭১ হাজার ৯৬৭ টাকা। নতুন দর গতকাল শুক্রবার থেকে সারা দেশে কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট পাওয়া যাবে ৬৮ হাজার ৮১৮ টাকায়, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭০ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের অলংকার বিক্রি হবে ভরি প্রতি ৪৯ হাজার ৭৪৭ টাকায়।            বাংলাদেশ জুয়েলার্স সমিতি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করেছে। এর আগে  ২২ আগস্ট স্বর্ণের দাম বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি।

স্বর্ণের দাম কমলেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।