‘সচেতন রই, সাইবার স্মার্ট হই’

সাইবার নিরাপত্তায় মাসব্যাপী বিশেষ সচেতনতা কর্মসূচি

সাইবার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে ‘সচেতন রই, সাইবার স্মার্ট হই’—এই স্লোগানে অক্টোবর মাসব্যাপী বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে সাইবার নিরাপত্তা সচেতনতা মাসবিষয়ক জাতীয় কমিটি। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

অনুষ্ঠানে সিসিএ ফাউন্ডেশনের সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরে সংগঠনটির উপদেষ্টা রাশনা ইমাম বলেন, ২০১৯-২০ সালে বাংলাদেশে সাইবার অপরাধ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সামাজিক মাধ্যমসহ অন্যান্য অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিং বা তথ্য চুরির ঘটনা বেড়েছে। জরিপ থেকে এটিএম কার্ড হ্যাকিংয়ের মতো একটি নতুন আলামত শনাক্ত করা হয়।

সাইবার নিরাপত্তা সচেতনতা-বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, দেশে ক্রমেই নানা ধরনের প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। এই হার কেবল ভাবিয়েই তুলছে না, ভবিষ্যত্ নিয়ে জন্ম নিয়েছে নতুন শঙ্কা।

আয়োজকরা জানান, পুরো মাসের কর্মসূচিকে চারটি সপ্তাহে ভাগ করে বিষয়ভিত্তিক সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই চার সপ্তাহে বিভিন্ন বিষয়ভিত্তিক ওয়েবিনার, কর্মশালা, ক্যাম্পেইন আয়োজন থাকবে ঢাকাসহ সারা দেশে।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—রবির ভাইস প্রেসিডেন্ট সনজয় চক্রবর্তী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সিসিএ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কাজী মুস্তাফিজ প্রমুখ।