সৈয়দপুরে নকল সার কারখানার সন্ধান

৫০ হাজার টাকা জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে প্রশাসনের অভিযানে শহরের নয়াটোলা মহল্লায় পশু হাসপাতালের পেছনে নকল সার তৈরি ও প্যাকেটিং করে বাজারজাতকারী একটি ফ্যাক্টরির সন্ধান পাওয়া গেছে। রবিবার নকল সার প্যাকেট করার সময় আটক ওই বাড়ির মালিক তথা নকল সার তৈরি ও বাজারজাতকারী এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম গোলাম কিবরিয়ার নেতৃত্বে উপজেলা কৃষি অফিসার হোমায়রা মন্ডল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশাসহ ফোর্স অভিযান চালালে নয়াটোলা এলাকায় একটি সেমি পাকা টিনশেড বাড়িতে নকল সার তৈরি ও প্যাকেট করার সময় সাকিল ওরফে লাড্ডান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় মেঘনা ফার্টিলাইজার কোম্পানির ‘মেগাফুরান-৫ জি’ এর মোড়ক ও ঢাকার উত্তরার খান এগ্রো মার্কেটিং কোম্পানির ‘জেডফুরান’ এর মোড়কে নকল সার প্যাকেটজাতকৃত অবস্থায় জব্দ করা হয়।