ভারতের গোয়া রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর পরে এবার তৃণমূলে যোগ দিতে পারেন মেঘালয়ের সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, মেঘালয়ের এই প্রভাবশালী কংগ্রেস নেতা শিগিগরই তৃণমূলে যোগ দিতে চলেছেন। তার সঙ্গেই তৃণমূলে যোগ দিতে পারেন মেঘালয় রাজ্যের অন্তত ১২ জন কংগ্রেস বিধায়ক।
২০১০ থেকে ২০১৮ পর্যন্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে ছিলেন মুকুল। বর্তমানে তিনি ঐ রাজ্যের বিরোধী দলনেতা। সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, মাস দেড়েক আগে তার বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত লোকসভা এমপি ভিনসেন্ট পালাকে মেঘালয় রাজ্য কংগ্রেসের সভাপতি নিয়োগ করা হয়। এরপর থেকেই তৃণমূলের সঙ্গে ‘যোগাযোগ’ শুরু করেন মুকুল সাংমা। পূর্ব গারো পাহাড়ের প্রভাবশালী নেতা মুকুল তৃণমূলে যোগ দিলে মেঘালয়ে কংগ্রেসের বড় ক্ষতি হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।