রাজশাহীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপনসহ ১৩ দফা দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে প্রতিটি স্থানে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপনসহ ১৩ দফা দাবিতে সোমবার মানববন্ধন করেছে তরুণরা। রাজশাহীর তরুণ সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ- ইয়্যাস’র উদ্যোগে মানববন্ধন পালিত হয়। মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে (রেলগেট) অনুষ্ঠিত মানববন্ধনে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইডিজিনাস নলেজ)। মানববন্ধন শেষে তরুণরা রাজশাহী মহানগর পুলিশ কমিশনার, রাজশাহীর জেলা প্রশাসক বরাবর ১৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন তরুণ সংগঠন ইয়্যাসের সভাপতি শামীউল আলীম শাওন। বক্তব্য দেন, বারসিকের বরেন্দ্র অঞ্চলের সমন্বয়কারী শহিদুল ইসলাম, ইয়্যাসের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম আকাশ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফাতেমা আলী মেঘলা প্রমুখ।