রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকার ছয়তলা একটি ভবনের তিনতলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জিতু হাসান (২৮) মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, ‘তার তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল।’
জিতু হাসানের গ্রামের বাড়ির পাবনার গঙ্গারামপুরে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইএমবিএ করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় দগ্ধ অন্যজন ইয়াসিন তালুকদার (৩২) আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি লেখাপড়া শেষ করে চাকরি খুঁজছিলেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টায় হঠাৎ ওই ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধ দুজনকে তাৎক্ষণিকভাবে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ‘স্থানীয় লোকজন আগুন ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনা কোনো দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।’
ইত্তেফাক/এএএম