ঈশ্বরদীতে পূর্ব শত্রুতার জের ধরে বিপ্লব (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মৃত বিপ্লব ঈশ্বরদী উপজেলার চররূপপুর জিগাতলা গ্রামের পান্না ফকিরের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি।
এঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। আটককৃতরা হলো- একই গ্রামের পলাশ হোসেনের ছেলে শান্ত (২২) ও অন্তর (২৮)। আটককৃত ২ জনই আপন দুই ভাই।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিশোধ নিতেই শুক্রবার (২ অক্টোবর) রাতে বিপ্লবকে পিটিয়ে জখম করে শান্ত ও তার বড় ভাই অন্তর।
রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিপ্লবের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করার প্রস্তুতি চলছে। বিপ্লবকে হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/এমএএম