বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার, বগুড়া সোমবার সকালে বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর কায়কোবাদ জানান, গাইবান্ধার বোনারপাড়া থেকে বগুড়ার সান্তাহারগামী কলেজ ট্রেন সাড়ে ৮টার কিছু পরে গাবতলী স্টেশন ত্যাগ করে। ট্রেনটি সোন্দাবাড়ি রেলক্রসিংয়ে পশ্চিমে ব্রিজের কাছাকাছি পৌঁছার পর ওই নারী ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা করেছেন মুক্তিযোদ্ধা। সোমবার সকাল ১১টায় ঈশ্বরদী শহরের স্টেশন রোডে ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এই মানববন্ধনের আয়োজন করেন। সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তাফা চান্না মন্ডলের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ নায়েব আলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা আজমল হক বিশ্বাস, হাবিবুল ইসলাম হব্বুল, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর হোসেন, আবুল বাসার, সিরাজ উদ্দিন বিশ্বাস, ফজলুর রহমান বুদু, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ছবি, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজা, জহুরুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা সাইফুজ্জামান পিন্টু, মুক্তযোদ্ধার সন্তান আব্দুর রহমান মিলন, পলাশ প্রমুখ।
এদিকে বহুল আলোচিত সেলিম হত্যার ঘটনায় জড়িত আবদুল্লাহ আল বাকি ওরফে আরজু বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। আরজু পাকশী ইউপি’র চেয়ারম্যান এনাম বিশ্বাসের ভাই এমদাদুল হক টুলু বিশ্বাসের ছেলে এবং ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি বলে জানা গেছে।
ঝিনাইগাতীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা ঝিনাইগাতীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ। বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, জেলা পরিষদ সদস্য আবু তাহের, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন প্রমুখ।
সাবেক এমপি মরহুম ফজলুর রহমান খানের কন্যা এমপি নির্বাচিত
নেত্রকোনা প্রতিনিধি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নেত্রকোনা জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক এমপি বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর মরহুম ফজলুর রহমান খানের কন্যা নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবা রহমান খান শেফালী সংরক্ষিত মহিলা আসনের এমপি নির্বাচিত হয়েছেন। হাবিবা রহমান শেফালী পিতার হাত ধরেই রাজনীতিতে আসেন। দীর্ঘদিন যাবত্ তিনি মহিলা আওয়ামী লীগের সাথে জড়িত এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত তিনি। বর্তমানে তিনি নেত্রকোনা চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার স্বামী আলী আসকার খান পাঠান সিন্টু নেত্রকোনার অন্যতম সাংস্কৃতিক সংগঠন শতদল গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি।
সদর দক্ষিণ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাব কার্যালয়ে গত রবিবার বিকালে ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সালাহউদ্দিন আহম্মদের সভাপতিত্বে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় দৈনিক সমাজকণ্ঠ সম্পাদক জসিম উদ্দিন চাষিকে আহ্বায়ক ও ডেইলি ট্রাইব্যুনাল জেলা প্রতিনিধি এইচএম মহিউদ্দিনকে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অপর তিন সদস্যরা হলেন, মাহবুব কবির, মফিজুল ইসলাম, এস এম মনির।
হোসেনপুরে একই জমিতে চার ফসল উত্পাদনের ওপর মাঠ দিবস
কিশোরগঞ্জ প্রতিনিধি ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণে চার ফসলভিত্তিক ফসল বিন্যাস, উদ্ভাবন ও বিস্তার কর্মসূচির আওতায় গত রবিবার বিকালে হোসেনপুর উপজেলার চর দীপেশ্বর গ্রামে শতাধিক কৃষকের উপস্থিতিতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি গবেষণা উপ-কেন্দ্র, কিশোরগঞ্জ এই মাঠ দিবসের আয়োজন করে। কৃষক মোঃ নজরুল ইসলাম ও কৃষক হারুন-অর-রশীদের জমিতে বছরে চার ফসল উত্পাদনের কলা-কৌশল সম্পর্কে আলোচনা ও শেষে জমি থেকে আলু উত্তোলন করা হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আঃ রশিদ এবং প্রধান অতিথি ছিলেন কৃষি গবেষণা উপ-কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিন।
ঝিনাইদহে নিপাহ ভাইরাস প্রতিরোধে কর্মশালা
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে নিপাহ ভাইরাস প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল সোমবার দিনব্যাপী সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ রাশেদা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আইয়ুব আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহম্মেদ প্রমুখ।
নাসিরনগরে আইন-শৃঙ্খলা কমিটির সভা
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগর উপজেলা আইন-শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, চাপরতলা ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুঁইয়া, প্রধান শিক্ষক আবদুর রহিম ও প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী প্রমুখ।