ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা
করোনা পরিস্থিতিতে ১৮ মাস ধরে বন্ধ থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ খোলার বিষয়ে আগামীকাল ৪ অক্টোবর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। এতে হল খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর আগে গত ২৬ ও ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীরা হল ও ক্যাম্পাস খোলার দাবিতে যথাক্রমে মশাল মিছিল ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, হল বন্ধ থাকায় ছেলেমেয়েরা কষ্ট করছেন। যাতে কষ্ট লাঘব করা যায় এজন্য হলে উঠাতে আমরা যথেষ্ট আন্তরিক। ৪ তারিখে একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।