‘ক্রাইম পেট্রোল’ দেখে ভাবীকে হত্যা করি

ভাবির কাছে টাকা চেয়ে না পেয়ে দেবর মো. ফরহাদ হোসেন লিমন (২২) ক্ষুব্ধ হয়ে তাকে খুন করে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। পরে এই ঘটনাকে চুরির ঘটনা হিসেবে প্রমাণেরও চেষ্টা করেছিল। কিন্তু পুলিশের জালে ধরা পড়ার পর সব কথা স্বীকার করেছে লিমন।

গতকাল সোমবার দামপাড়া পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম জানান, পুলিশ লিমনকে গ্রেফতার করে রিমান্ডে আনে। জিজ্ঞাসাবাদে লিমন পুলিশকে জানিয়েছে খুনের পরিকল্পনার কীভাবে করেছিল। সে নিয়মিত ভারতীয় ধারাবাহিক ‘ক্রাইম পেট্রোল’ দেখতো। সেখান থেকে দেখে অনুপ্রাণিত হয়ে ভাবিকে খুন করে এই ঘটনাকে চুরির ঘটনা হিসেবে প্রমাণের চেষ্টা করেছিল।

আমেনা বেগম আরো জানান, গত ৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে হাসিনা বেগমকে (৩২) হত্যা করে লিমন। পরে হাসিনা বেগমের মরদেহ বাসার বাইরে আরেকটি কক্ষে তালা মেরে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় হাসিনা বেগমের ভাই মো. মানিক আকবর শাহ থানায় মামলা দায়ের করেন। রিমান্ডের প্রথম দিনেই লিমন তার ভাবিকে খুনের কথা স্বীকার করে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে পরিকল্পনা অনুযায়ী ভাবিকে খুন করে মরদেহ লুকিয়ে রাখে এবং স্বর্ণালঙ্কারসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। সাউন্ড বক্সের ভেতর থেকে লুণ্ঠিত জিনিসপত্র উদ্ধার করে পুলিশ।

হাসিনা বেগম নোয়াখালীর শফিগঞ্জ এলাকার পশ্চিম মাইজচরা গ্রামের মেয়ে। তিনি আকবর শাহ থানাধীন কালিরহাটে একটি বাসায় ভাড়া থাকতেন এবং একটি গার্মেন্টস কারখানায় চাকরি  করতেন। আসামি লিমন চাঁদপুরের পাইকপাড়া এলাকার আবুল কাশেম পাটোয়ারীর ছেলে।