বাইডেনের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন খাশোগির বাগ্দত্তার

জামাল খাশোগি হত্যাকাণ্ডের তিন বছর

এএফপি

ভিন্নমতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের নির্দেশদাতাকে আটকের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছেন খাশোগির বাগদত্তা হাতিস সানগিজ। হত্যাকাণ্ডের তৃতীয় বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত এক কর্মসূচিতে তিনি এই প্রশ্ন তোলেন।

খাশোগির হত্যাকাণ্ডের বার্ষিকী পালন উপলক্ষ্যে সৌদি দূতাবাসের বাইরে বিক্ষোভ প্রদর্শনের জন্য হাতিস শুক্রবার ওয়াশিংটনে আসেন। সেখানে তিনি সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন কলাম দিয়ে বানানো খাশোগির একটি প্রতিকৃতি উন্মোচন করেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে সাক্ষাত্ করেছেন এই তথ্য উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, ‘এটা কেমন জবাবদিহিতা যা বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন? ৩৬ বছর বয়সি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নামের সংক্ষিপ্ত রূপ উল্লেখ করে তিনি বাইডেনের উদ্দেশ্যে বলেন, ‘এমবিএস আমার কাছ থেকে এবং পৃথিবী থেকে জামাল খাশোগিকে নিয়ে গেছেন। হয় আপনি দায়ী ব্যক্তিকে গ্রেফতার করেন, না হয় এই হত্যাকারীদের পুরস্কৃত করেন।’

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসিত অবস্থায় সৌদি সাংবাদিক খাশোগি দি ওয়াশিংটন পোস্টে এমবিএসের ব্যাপারে সমালোচনামূলক বিভিন্ন নিবন্ধ লেখেন। তুর্কি নাগরিক সানগিজকে বিয়ে করার ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ২০১৮ সালের ২ অক্টোবর তিনি ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে প্রবেশ করেন। মার্কিন ও তুর্কি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে আগে থেকেই অপেক্ষা করা সৌদি হিট স্কয়াড তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার লাশ টুকরো টুকরো করে ফেলে। ঐ দিনের পর থেকেই তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

ওয়াশিংটনে খাশোগির প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আছেন তার বাগ্দত্তা হাতিস সানগিজ