১০ আফগান দোভাষীকে তলব করল তালেবান

 ‘অন্য বিশ্বাসঘাতকদের শিক্ষা দিতে তাদের

চরম শাস্তির মুখোমুখি হতে হবে’

আত্মগোপনে থাকা ১০ আফগান দোভাষীকে তলব করেছে তালেবান সরকার। নেদারল্যান্ডের হয়ে কাজ করতেন এসব আফগান দোভাষী। তাদের দ্রুত আদালতে মুখোমুখি হওয়ার জন্য বলা হয়েছে। এর কোনো ধরনের ব্যত্যয় ঘটলে তাদের পরিবারকে দায়িত্ব নিতে হবে বলে চিঠিতে হুঁশিয়ারি দিয়েছে তালেবান। শুক্রবার ডাচ রাষ্ট্রীয় টেলিভিশন এনওএস-এর প্রতিবেদেন এ তথ্য জানা গেছে। এনডিটিভি

তালেবান চিঠিতে বলা হয়েছে, ‘অন্য বিশ্বাসঘাতকদের শিক্ষা দিতে আফগান দোভাষীদের চরম শাস্তির মুখোমুখি করা হবে’। চিঠিগুলোতে তালেবানের সিলমোহর রয়েছে। চিঠি পাওয়াদের মধ্যে একজন আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পুলিশ সংস্থা ইউরোপোলের হয়ে কাজ করতেন। তালেবানের দাবি, ঐ দোভাষী বিদেশিদের কাছ থেকে অর্থ নিয়েছেন, যা ‘অসম্মানজনক’। আরেকজনকে লেখা চিঠিতে তালেবান উল্লেখ করেছে, ‘আমরা প্রতিশোধ নেব। আমরা যদি আপনাদের না পাই, তাহলে আপনাদের কাছের মানুষের সঙ্গে বসব। তালেবান সরকারের দাবি, তাদের বেশ কয়েকজন যোদ্ধার মৃত্যুর জন্য দায়ী ছিলেন ঐ দোভাষীরা। আত্মগোপনে থাকা ঐ ১০ আফগান দোভাষী এখন কোথায় আছেন বিষয়টি স্পষ্ট নয়।