কিশোর গ্যাং নির্মূল করতেই হবে —র্যাব মহাপরিচালক

বিশেষ প্রতিনিধি

যেভাবেই হোক কিশোর গ্যাং কালচারকে নিয়ন্ত্রণে আনতেই হবে। আমরা নিশ্চয়ই মাথাব্যথার জন্য মাথা কেটে নয়, মাথাব্যথার ওষুধ দেব। এটার জন্য দরকার জনসচেতনতা। আমাদের তরুণ প্রজন্মকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) অনুষ্ঠিত হয় ‘কিশোর গ্যাং বৃদ্ধির কারণ’ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতাটির আয়োজন করে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’। র্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

র্যাব ডিজি বলেন, আমাদের গর্ব পারিবারিক বন্ধন। পারিবারিক বন্ডিংয়ের কারণে অনেক নেতিবাচক কাজে আমরা জড়াতে পারি না। এরপরও অনেক কিছু ঘটছে। কিশোররা কেন গ্যাং কালচারে জড়াচ্ছে তা খুঁজে বের করতে হবে। আমাদের সবারই অনেক দায়িত্ব আছে। সবার যথাযথ ভূমিকাটা পালন করতে হবে।

র্যাব মহাপরিচালক বলেন, যেখানেই কিশোর গ্যাং কালচার রয়েছে সেখানে কিন্তু আমাদের তরুণ-কিশোররা বিপথে পা বাড়াচ্ছে। দেশে-বইপড়া খেলাধুলা আমাদের বাড়াতে হবে। তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, জলদস্যু নির্মূলে আমরা অনেক কাজ করছি। সমাজের মূল ধারায় জলদস্যু ও জঙ্গিবাদে জড়িতদের নিয়ে আসার চেষ্টা করছি।